আজ পৃথিবীতে প্রতিদিন শত শত কোটি মানুষ কোনো না কোনো প্রশ্নের উত্তর খুঁজতে গুগল ব্যবহার করে। কিন্তু খুব কম মানুষই জানে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তি কোম্পানিগুলোর একটির জন্ম হয়েছিল একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্প থেকে। গুগলের গল্প শুধু একটি সার্চ ইঞ্জিনের ইতিহাস নয়, এটি এমন একটি ধারণার গল্প যা মানুষের তথ্য খোঁজার পদ্ধতি, ব্যবসার ধরন এবং প্রযুক্তির ভবিষ্যৎকে চিরদিনের জন্য বদলে দিয়েছে।
১৯৯০ এর দশকের মাঝামাঝি সময়ে ইন্টারনেট দ্রুত বিস্তৃত হতে শুরু করে। প্রতিদিন হাজার হাজার নতুন ওয়েবসাইট তৈরি হচ্ছিল, কিন্তু প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া ছিল অত্যন্ত কঠিন। সেই সময়ে ইয়াহু, অল্টাভিস্তা, লাইকস এবং এক্সাইটের মতো সার্চ ইঞ্জিন জনপ্রিয় ছিল। কিন্তু তারা মূলত শব্দ মিলিয়ে ফলাফল দেখাতো, ফলে প্রায়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পাওয়া যেত না। ইন্টারনেটে তথ্যের অভাব ছিল না, বরং সমস্যা ছিল এত বিশাল তথ্যভান্ডারের মধ্যে কোনটি সবচেয়ে নির্ভরযোগ্য এবং গুরুত্বপূর্ণ সেটি দ্রুত শনাক্ত করার মতো কার্যকর প্রযুক্তির অভাব।
ঠিক এই সমস্যার সমাধান খুঁজতেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে শুরু হয় এক অসাধারণ গবেষণা, যা ভবিষ্যতে পুরো পৃথিবীর ডিজিটাল জীবনকে বদলে দেবে। ১৯৯৫ সালে ল্যারি পেজ স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পিএইচডি করার জন্য ভর্তি হন। একই সময়ে সার্জি ব্রিন সেখানে গবেষণা করছিলেন এবং নতুন শিক্ষার্থীদের ক্যাম্পাস পরিচয় করিয়ে দিতেন। প্রথম দেখাতেই তাদের মধ্যে বন্ধুত্ব হয়নি, বরং প্রযুক্তি নিয়ে দীর্ঘ আলোচনা এবং মতবিরোধের মধ্য দিয়েই তাদের পরিচয়ের শুরু হয়েছিল। পরে ল্যারি পেজ নিজেই বলেছিলেন, প্রথম দিনে তারা প্রায় কোনো বিষয়েই একমত হতে পারেননি। কিন্তু সেই মতের অমিলই ভবিষ্যতের অসাধারণ অংশীদারিত্বের ভিত্তি তৈরি করেছিল।
ধীরে ধীরে তারা একসঙ্গে গবেষণা শুরু করেন। তাদের লক্ষ্য ছিল এমন একটি প্রযুক্তি তৈরি করা যা ইন্টারনেটের তথ্যকে আরও বুদ্ধিমত্তার সঙ্গে সাজাতে পারবে। তাদের প্রশ্ন ছিল সহজ, কোটি কোটি ওয়েবসাইটের মধ্যে একটি কম্পিউটার কীভাবে বুঝবে কোন ওয়েবসাইটটি সত্যিই সবচেয়ে গুরুত্বপূর্ণ? ল্যারি পেজ একটি নতুন ধারণা উপস্থাপন করেন—যদি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের লিঙ্কগুলোকে আস্থার ভোট হিসেবে গণনা করা যায়, তাহলে সার্চ ফলাফল অনেক বেশি নির্ভুল হতে পারে। এই ধারণার উপর ভিত্তি করেই তৈরি হয় 'পেজ র্যাংক' অ্যালগরিদম। ভবিষ্যতে এটিই গুগলের সবচেয়ে বড় প্রযুক্তিগত শক্তিতে পরিণত হয়।
পেজ র্যাংক শুধু কোনো শব্দ খুঁজতো না, এটি বিশ্লেষণ করতো কোন ওয়েবসাইটকে অন্য গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো কতবার লিঙ্ক করছে। সেই সময়ের জন্য এটি ছিল সম্পূর্ণ নতুন একটি ধারণা। সার্চ ইঞ্জিন প্রথমবারের মতো শুধু লেখা নয়, ওয়েবসাইটগুলোর পারস্পরিক সম্পর্কও বিশ্লেষণ করতে শুরু করেছিল। ল্যারি পেজ এবং সার্জি ব্রিন তাদের গবেষণা প্রকল্পের নাম রাখেন 'ব্যাকরাব', কারণ এটি মূলত ওয়েবসাইটগুলোর ব্যাকলিঙ্ক বিশ্লেষণ করেই কাজ করতো।
ব্যাকরাব প্রথমে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সার্ভারে চালু করা হয়। অল্প সময়ের মধ্যেই শিক্ষার্থী ও গবেষকেরা লক্ষ্য করেন এটি অন্য সার্চ ইঞ্জিনের তুলনায় অনেক বেশি নির্ভুল ফলাফল দিচ্ছে। প্রতিদিন ব্যবহারকারীর সংখ্যা বাড়তে থাকায় বিশ্ববিদ্যালয়ের সার্ভারের উপরও চাপ বাড়তে শুরু করে। তখনই স্পষ্ট হয়ে যায় এই গবেষণার সম্ভাবনা শুধু বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। ল্যারি পেজ এবং সার্জি ব্রিন উপলব্ধি করেন এটি শুধু একটি গবেষণা প্রকল্প নয়, সঠিকভাবে উন্নয়ন করা গেলে এটি কোটি কোটি মানুষের তথ্য খোঁজার পদ্ধতি বদলে দিতে পারে।
এরপর তারা একটি নতুন নাম খুঁজতে শুরু করেন—এমন একটি নাম যা অসীম তথ্যকে সংগঠিত করার স্বপ্নকে প্রকাশ করতে পারে। তাদের সামনে আসে 'গুগল' (Googol) শব্দটি। গণিতে গুগল বলতে বোঝায় একের পরে ১০০টি শূন্য, যা একটি কল্পনাতীত বিশাল সংখ্যা। এই নামের মাধ্যমে তারা বোঝাতে চেয়েছিলেন ভবিষ্যতে তাদের সার্চ ইঞ্জিন পৃথিবীর প্রায় অসীম তথ্যকে সংগঠিত করবে। কিন্তু ইতিহাসের অন্যতম বিখ্যাত প্রযুক্তি ব্র্যান্ডের জন্ম হয় একটি সাধারণ বানান ভুল থেকে। গুগল লিখতে গিয়ে ভুলবশত লেখা হয় 'Google'। নামটিকে সহজ, স্মরণীয় এবং উচ্চারণে সাবলীল হওয়ায় সেটিকে কোম্পানির আনুষ্ঠানিক নাম হিসেবে গ্রহণ করা হয়।
১৯৯৮ সালে ল্যারি পেজ এবং সার্জি ব্রিন আনুষ্ঠানিকভাবে গুগল ইনকর্পোরেশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। কিন্তু একটি বড় সমস্যা তখনও রয়ে গিয়েছিল—তাদের কাছে পর্যাপ্ত অর্থ ছিল না। ঠিক সেই সময়ে সান মাইক্রোসিস্টেমসের সহ-প্রতিষ্ঠাতা অ্যান্ডি বেক্টোলাইন তাদের প্রযুক্তির একটি সংক্ষিপ্ত প্রদর্শনী দেখেন এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা সঙ্গে সঙ্গেই বুঝতে পারেন। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তিনি গুগল ইনকর্পোরেশনের নামে ১ লক্ষ মার্কিন ডলারের একটি চেক লিখে দেন। এটি ছিল কোম্পানির প্রথম বড় বিনিয়োগ।
মজার বিষয় হলো, তখনও গুগল ইনকর্পোরেশন আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত কোম্পানি ছিল না। তাই সেই চেক ব্যাংকে জমা দেওয়ার আগেই ল্যারি পেজ এবং সার্জি ব্রিনকে কোম্পানিটি নিবন্ধন করতে হয়। গুগলের প্রথম অফিস ছিল সুসান ওজিস্কির বাড়ির একটি সাধারণ গ্যারেজ। সেখান থেকেই বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি সাম্রাজ্যের যাত্রা শুরু হয়। খরচ বাঁচানোর জন্য প্রথমদিকের সার্ভারের হার্ডডিস্কগুলো লেগো ব্রিক দিয়ে তৈরি অস্থায়ী র্যাকে সাজানো হয়েছিল। ছোট সেই গ্যারেজে তখন কেউ কল্পনাও করতে পারেনি এখান থেকেই শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় সার্চ বিপ্লব।
গ্যারেজের ছোট্ট অফিসে গুগলের কর্মী ছিল হাতে গোনা কয়েকজন। সীমিত অর্থ, সীমিত যন্ত্রপাতি এবং সীমিত জনবল নিয়েই তারা এমন একটি সার্চ ইঞ্জিন তৈরি করছিল যা ভবিষ্যতে পুরো ইন্টারনেটের নিয়ম বদলে দেবে। গুগলের সার্চ ফলাফল এতটাই নির্ভুল ছিল যে খুব অল্প সময়ের মধ্যেই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বাইরেও মানুষ এটি ব্যবহার করতে শুরু করে। মুখে মুখেই জনপ্রিয়তা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে।
একই সময়ে ইয়াহু তাদের নিজস্ব সার্চ প্রযুক্তি তৈরি না করে বাইরের প্রতিষ্ঠানের সার্চ প্রযুক্তি ব্যবহার করছিল। তখন গুগলের প্রযুক্তি ইয়াহু সার্চের ফলাফল দেখাতে শুরু করে। মজার বিষয় হলো, তখন অনেক ব্যবহারকারী গুগল ব্যবহার করতেন, কিন্তু বুঝতেই পারতেন না যে সার্চ ফলাফল আসছে গুগলের প্রযুক্তি থেকে। গুগলের নির্ভুলতা যত বাড়ছিল, ততই মানুষ সরাসরি google.com ব্যবহার করতে শুরু করে। ধীরে ধীরে ইয়াহুর উপর নির্ভরতা কমতে থাকে। এই পরিবর্তন ইয়াহুর জন্য ছিল বড় একটি সতর্কবার্তা—ছোট্ট একটি স্টার্টআপ খুব দ্রুত সার্চ বাজারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে শুরু করেছে।
গুগল বুঝতে পারছিল জনপ্রিয়তা বাড়ছে ঠিকই, কিন্তু কোম্পানিকে টিকিয়ে রাখতে একটি শক্তিশালী আয়ের উৎস তৈরি করা জরুরি। তখন ইন্টারনেটে বিজ্ঞাপন থাকলেও বেশিরভাগই ছিল অপ্রাসঙ্গিক। ব্যবহারকারীরা যা খুঁজছেন তার সঙ্গে বিজ্ঞাপনের কোনো সম্পর্ক থাকতো না। ল্যারি পেজ এবং সার্জি ব্রিন বিশ্বাস করতেন বিজ্ঞাপনও ব্যবহারকারীর জন্য উপকারী হতে পারে যদি সেটি তার অনুসন্ধানের সঙ্গে সম্পর্কিত হয়। এই চিন্তা থেকেই জন্ম নেয় 'গুগল অ্যাডওয়ার্ডস'-এর ধারণা, যা পরবর্তীতে পুরো ডিজিটাল বিজ্ঞাপন শিল্পকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে।
২০০০ সালে গুগল আনুষ্ঠানিকভাবে অ্যাডওয়ার্ডস চালু করে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন নির্দিষ্ট কিওয়ার্ডের ভিত্তিতে নিজেদের বিজ্ঞাপন দেখানোর সুযোগ পায়। এর ফলে ব্যবহারকারীরা অপ্রয়োজনীয় বিজ্ঞাপনের পরিবর্তে নিজেদের অনুসন্ধানের সঙ্গে সম্পর্কিত বিজ্ঞাপন দেখতে শুরু করেন। এই পদ্ধতি দ্রুত সফল হয়ে ওঠে। গুগলের আয় দ্রুত বাড়তে শুরু করে। প্রথমবারের মতো কোম্পানির হাতে বড় পরিসরে অবকাঠামো উন্নয়নের সুযোগ তৈরি হয়।
একই সময়ে গুগলের কর্মীর সংখ্যাও দ্রুত বাড়ছিল। একটি ছোট গ্যারেজ অফিস আর এই প্রতিষ্ঠানের জন্য যথেষ্ট ছিল না। ২০০১ সালে গুগল অভিজ্ঞ প্রযুক্তি নির্বাহী এরিক শ্মিটকে চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে নিয়োগ দেয়। এই সিদ্ধান্ত কোম্পানির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করে। ল্যারি পেজ, সার্জি ব্রিন এবং এরিক শ্মিট মিলে এমন একটি নেতৃত্ব গড়ে তোলেন যা প্রযুক্তিগত উদ্ভাবন এবং ব্যবসায়িক সম্প্রসারণ—দুই ক্ষেত্রেই গুগলকে দ্রুত এগিয়ে নিয়ে যায়।
গুগল শুধু সার্চ উন্নত করেই থেমে থাকেনি। তারা আরও দ্রুত, আরও নির্ভুল এবং আরও বুদ্ধিমান অ্যালগরিদম তৈরি করতে থাকে। প্রতিদিন কোটি কোটি নতুন ওয়েব পেজ ইন্টারনেটে যুক্ত হচ্ছিল, গুগলের সার্চ প্রযুক্তিকেও সেই গতির সঙ্গে তাল মিলিয়ে আরও উন্নত হতে হচ্ছিল। গুগলের লক্ষ্য ছিল পরিষ্কার—পৃথিবীর সব তথ্যকে এমনভাবে সংগঠিত করা যাতে যে কেউ কয়েক সেকেন্ডের মধ্যেই নিজের প্রয়োজনীয় উত্তর খুঁজে পায়। এই লক্ষ্য বাস্তবায়নের পথে গুগল এখন আর শুধু একটি সফল স্টার্টআপ নয়, এটি ধীরে ধীরে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তি কোম্পানিগুলোর একটিতে পরিণত হতে শুরু করেছে।
কিন্তু গুগলের যাত্রা এখানেই থেমে থাকেনি। সার্চের সাফল্য তাদের আরও বড় স্বপ্ন দেখাতে শুরু করেছিল। কোম্পানিটি বুঝতে পারে মানুষ শুধু তথ্য খুঁজবে না, ভবিষ্যতে তারা ইমেইল পাঠাবে, মানচিত্র ব্যবহার করবে, বই পড়বে, ভাষা অনুবাদ করবে এবং আরও অসংখ্য কাজ অনলাইনে করবে। গুগল সিদ্ধান্ত নেয় মানুষের প্রতিদিনের ডিজিটাল জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান তারা নিজেরাই তৈরি করবে। এই পরিকল্পনার প্রথম বড় পদক্ষেপগুলোর একটি ছিল এমন একটি ইমেইল সেবা তৈরি করা যা সেই সময়ের সব প্রতিযোগীকে চমকে দেবে।
তখন ইয়াহু মেইল এবং হটমেইল ব্যবহারকারীদের খুব সীমিত স্টোরেজ দিতো। নতুন ইমেইল রাখতে হলে পুরোনো মেইল মুছে ফেলতে হতো। গুগল বিশ্বাস করতো ব্যবহারকারীদের ইমেইল মুছে ফেলার চিন্তা করা উচিত নয়, প্রযুক্তির কাজ হওয়া উচিত মানুষের জীবনকে সহজ করা। এই ভাবনা থেকেই জন্ম নিতে শুরু করে 'জিেইল', যা পরে ইমেইল ব্যবহারের পুরো ধারণাই বদলে দেবে। কিন্তু জিমেইলই ছিল না গুগলের একমাত্র পরিকল্পনা, আরও বড় বড় প্রকল্প তখন গোপনে প্রস্তুত হচ্ছিল। খুব শিগগিরই গুগল এমন সব সেবা চালু করবে যা মানুষকে শুধু তথ্য খুঁজতে নয়, পুরো পৃথিবীকে নতুনভাবে আবিষ্কার করতেও সাহায্য করবে। আর সেই নতুন অধ্যায় থেকেই গুগল একটি সার্চ ইঞ্জিন থেকে পূর্ণাঙ্গ প্রযুক্তি সাম্রাজ্যের রূপ নেওয়ার যাত্রা শুরু করবে।
২০০৪ সালের পহেলা এপ্রিল গুগল আনুষ্ঠানিকভাবে জিমেইল উন্মুক্ত করে। দিনটি এপ্রিল ফুলস ডে হওয়ায় অনেকেই প্রথমে ভেবেছিলেন এটি হয়তো একটি মজার ঘোষণা মাত্র। জিমেইল ব্যবহারকারীদের ১ গিগাবাইট বিনামূল্যের স্টোরেজ দেয়, যা সেই সময়ে ইয়াহু মেইল এবং হটমেইলের তুলনায় কয়েকশো গুণ বেশি ছিল। গুগল শুধু বেশি স্টোরেজই দেয়নি, শক্তিশালী সার্চ সুবিধার কারণে হাজার হাজার ইমেইলের মধ্য থেকেও কয়েক সেকেন্ডে প্রয়োজনীয় বার্তা খুঁজে পাওয়া সম্ভব হয়। জিমেইলের সাফল্য প্রমাণ করে গুগল শুধু সার্চ ইঞ্জিন নয়, তারা মানুষের দৈনন্দিন ডিজিটাল জীবনের প্রতিটি ক্ষেত্রেই নিজেদের অবস্থান তৈরি করতে শুরু করেছে।
এরপর গুগলের নজর পড়ে মানচিত্র প্রযুক্তির দিকে। সে সময় অনলাইন মানচিত্র ছিল ধীর, সীমিত এবং ব্যবহার করা তুলনামূলক কঠিন। ২০০৪ সালে গুগল 'কিহোল' নামের একটি কোম্পানি অধিগ্রহণ করে। এই প্রযুক্তি পরবর্তীতে 'গুগল আর্থ'-এর ভিত্তি তৈরি করে। ২০০৫ সালে 'গুগল ম্যাপস' সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। মানুষ প্রথমবারের মতো ব্রাউজারের মাধ্যমে সহজে রাস্তা, ঠিকানা এবং দিকনির্দেশনা খুঁজে পেতে শুরু করে। গুগল ম্যাপস মানুষের ভ্রমণের অভ্যাস বদলে দেয়; কাগজের মানচিত্রের পরিবর্তে ধীরে ধীরে সবাই ডিজিটাল মানচিত্রের উপর নির্ভর করতে শুরু করে।
একই বছর গুগল আর্থ প্রকাশ করা হয়। মানুষ প্রথমবারের মতো নিজের কম্পিউটার থেকেই পৃথিবীর বিভিন্ন শহর, পাহাড়, নদী এবং বাড়ি উপর থেকে দেখতে পায়। এই প্রযুক্তি শুধু সাধারণ মানুষ নয়, গবেষক, শিক্ষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছেও অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে।
এরপর 'গুগল নিউজ' চালু হয়। বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহ করে এক জায়গায় দেখানোর ব্যবস্থা করা হয়। 'গুগল বুকস' প্রকল্পের মাধ্যমে কোটি কোটি বই ডিজিটাল আকারে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়; এর লক্ষ্য ছিল বিশ্বের জ্ঞানকে আরও সহজলভ্য করা। তবে গুগল বুকস কপিরাইট নিয়ে বড় বিতর্কেরও জন্ম দেয়, অনেক প্রকাশক ও লেখক এই প্রকল্প নিয়ে আইনি আপত্তি জানান।
এরপর 'গুগল ট্রান্সলেট' চালু হয়। শুরুতে সীমিত ভাষা থাকলেও সময়ের সঙ্গে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় অনুবাদ সেবায় পরিণত হয়। গুগলের প্রতিটি নতুন সেবা একই লক্ষ্য অনুসরণ করছিল—পৃথিবীর তথ্যকে শুধু খুঁজে পাওয়া নয়, আরও সহজে ব্যবহারযোগ্য করে তোলা। কিন্তু গুগল বুঝতে পারছিল ভবিষ্যতের সবচেয়ে বড় পরিবর্তন ডেস্কটপ কম্পিউটারে নয়, সেটি আসবে মানুষের হাতে থাকা ছোট একটি যন্ত্র থেকে।
সে সময় মোবাইল ফোন দ্রুত জনপ্রিয় হচ্ছিল, কিন্তু স্মার্টফোনের ভবিষ্যৎ তখনো পুরোপুরি স্পষ্ট ছিল না। গুগল সিদ্ধান্ত নেয় ভবিষ্যতের এই পরিবর্তনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এই সিদ্ধান্তই তাদের নিয়ে যাবে একটি ছোট্ট স্টার্টআপের কাছে, যার নাম তখন খুব কম মানুষই শুনেছিল। আর সেই ছোট্ট স্টার্টআপ অধিগ্রহণের সিদ্ধান্তই ভবিষ্যতে স্মার্টফোন শিল্পের ইতিহাস চিরদিনের জন্য বদলে দেবে।
২০০৫ সালে গুগল নীরবে 'অ্যান্ড্রয়েড ইনক' অধিগ্রহণ করে। তখন খুব কম মানুষই বুঝতে পেরেছিল এই ছোট্ট স্টার্টআপ একদিন বিশ্বের সবচেয়ে বড় মোবাইল অপারেটিং সিস্টেমে পরিণত হবে। অ্যান্ড্রয়েড প্রতিষ্ঠা করেছিলেন অ্যান্ডি রুবিন, রিচ মাইনার, নিক সিয়ার্স এবং ক্রিস হোয়াইট। তাদের লক্ষ্য ছিল ভবিষ্যতের জন্য একটি স্মার্ট ও উন্মুক্ত মোবাইল অপারেটিং সিস্টেম তৈরি করা। গুগল বুঝতে পেরেছিল ভবিষ্যতে মানুষ ডেস্কটপ কম্পিউটারের চেয়ে মোবাইল ফোনেই বেশি সময় কাটাবে, তাই তারা অনেক আগেই সেই পরিবর্তনের জন্য প্রস্তুতি নিতে শুরু করে।
তখনো অ্যাপলের আইফোন বাজারে আসেনি। স্মার্টফোনের ভবিষ্যৎ নিয়ে প্রযুক্তি বিশ্বের স্পষ্ট ধারণা না থাকলেও গুগল দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরু করে দিয়েছিল। গুগল অ্যান্ড্রয়েডকে একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নেয়, যাতে বিশ্বের বিভিন্ন নির্মাতা একই অপারেটিং সিস্টেম ব্যবহার করে নিজেদের স্মার্টফোন তৈরি করতে পারে।
২০০৭ সালে গুগল এবং বিশ্বের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান মিলে 'ওপেন হ্যান্ডসেট অ্যালায়েন্স' গঠন করে। এর লক্ষ্য ছিল অ্যান্ড্রয়েডকে একটি উন্মুক্ত মোবাইল প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করা। একই বছর অ্যাপল প্রথম আইফোন উন্মোচন করে। টাচস্ক্রিন ভিত্তিক এই স্মার্টফোন পুরো প্রযুক্তি শিল্পকে নতুনভাবে ভাবতে বাধ্য করে। গুগল দ্রুত অ্যান্ড্রয়েডের উন্নয়নের গতি বাড়িয়ে দেয়, তারা বুঝতে পারে স্মার্টফোন যুগ শুরু হয়ে গেছে এবং প্রতিযোগিতা এখন আরও কঠিন হবে।
২০০৮ সালে 'এইচটিসি ড্রিম' বাজারে আসে। এটি ছিল বিশ্বের প্রথম বাণিজ্যিক অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং অ্যান্ড্রয়েড যুগের আনুষ্ঠানিক সূচনা। মাত্র কয়েক বছরের মধ্যেই অ্যান্ড্রয়েড বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত মোবাইল অপারেটিং সিস্টেমে পরিণত হয়। আজ কোটি কোটি স্মার্টফোন অ্যান্ড্রয়েডের উপর নির্ভরশীল।
অ্যান্ড্রয়েডের পাশাপাশি গুগল আরেকটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা প্ল্যাটফর্মের দিকে নজর দেয়, সেটি ছিল একটি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট—যার নাম ইউটিউব। ইউটিউব ২০০৫ সালে চ্যাড হার্লি, স্টিভ চেন এবং জাভেদ করিম প্রতিষ্ঠা করেছিলেন। খুব অল্প সময়ের মধ্যেই এটি ইন্টারনেটের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ওয়েবসাইটগুলোর একটিতে পরিণত হয়। ব্যবহারকারীরা প্রতিদিন লাখ লাখ ভিডিও আপলোড করতে শুরু করেন, কিন্তু এত বড় পরিমাণ ভিডিও সংরক্ষণ এবং পরিবেশন করা ছিল অত্যন্ত ব্যয়বহুল।
২০০৬ সালে গুগল প্রায় ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলারে ইউটিউব অধিগ্রহণ করে। সে সময় এই সিদ্ধান্তকে অনেকেই অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করেছিলেন। তখন ইউটিউব লাভজনক ছিল না, কিন্তু গুগল বিশ্বাস করেছিল ভবিষ্যতের ইন্টারনেটে ভিডিও-ই হবে মানুষের প্রধান যোগাযোগের মাধ্যম। সময় প্রমাণ করে গুগলের সেই সিদ্ধান্ত সঠিক ছিল। আজ ইউটিউব বিশ্বের সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম এবং অসংখ্য মানুষের আয়ের উৎস।
২০০৭ সালে গুগল 'ডাবলক্লিক' অধিগ্রহণ করে। এই চুক্তি কোম্পানিকে ডিজিটাল বিজ্ঞাপন বাজারে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যায়।
এরপর গুগল লক্ষ্য করে মানুষ ইন্টারনেট ব্যবহারের জন্য মূলত ওয়েব ব্রাউজারের উপর নির্ভর করছে। তাই সেই অভিজ্ঞতাকেও নতুনভাবে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০০৮ সালে 'গুগল ক্রোম' প্রকাশ করা হয়। শুরুতে অনেকেই এটিকে আরেকটি সাধারণ ব্রাউজার মনে করেছিলেন, কিন্তু ক্রোমের গতি, সরলতা এবং নিরাপত্তা খুব দ্রুত ব্যবহারকারীদের মন জয় করে নেয়। কয়েক বছরের মধ্যেই এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজারে পরিণত হয়। ক্রোমের সাফল্যের মাধ্যমে মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরারের দীর্ঘদিনের আধিপত্য ভেঙে যেতে শুরু করে, 'ব্রাউজার ওয়ার' নতুন মোড় নেয়।
এরপর গুগল 'ক্রোম ওএস' তৈরি করে। তাদের লক্ষ্য ছিল এমন একটি কম্পিউটিং অভিজ্ঞতা তৈরি করা যেখানে অধিকাংশ কাজই ক্লাউডের মাধ্যমে সম্পন্ন হবে। একই সময়ে গুগল 'স্ট্রিট ভিউ' চালু করে। মানুষ প্রথমবারের মতো পৃথিবীর বিভিন্ন শহরের রাস্তা ভার্চুয়ালি ঘুরে দেখার সুযোগ পায়। স্ট্রিট ভিউ জনপ্রিয় হলেও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়, পরে গুগল মুখমণ্ডল এবং গাড়ির নম্বর প্লেট স্বয়ংক্রিয়ভাবে ঝাপসা করার প্রযুক্তি যুক্ত করে।
'গুগল ডকস' মানুষের একসঙ্গে একই ডকুমেন্ট সম্পাদনার ধারণাকে জনপ্রিয় করে তোলে, অফিস সফটওয়্যার ব্যবহারের ধরন বদলাতে শুরু করে। এরপর 'গুগল ড্রাইভ' চালু হয়; ক্লাউডে নিরাপদে ফাইল সংরক্ষণ এবং যেকোনো স্থান থেকে সেগুলো ব্যবহারের সুযোগ সাধারণ মানুষের কাছে সহজ হয়ে যায়। গুগল ডকস, শিটস, স্লাইডস এবং ড্রাইভ একত্রে পরে 'গুগল ওয়ার্কস্পেস' নামে পরিচিত হয়, যা ব্যবসা, শিক্ষা এবং ব্যক্তিগত কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হতে শুরু করে।
একই সময়ে 'গুগল ক্লাউড প্ল্যাটফর্ম' ধীরে ধীরে বড় প্রতিষ্ঠানের জন্য শক্তিশালী ক্লাউড পরিকাঠামো গড়ে তুলতে শুরু করে। এখন গুগল শুধু একটি সার্চ ইঞ্জিন নয়; এটি মোবাইল, ভিডিও, ব্রাউজার, ক্লাউড এবং উৎপাদনশীলতার সফটওয়্যার—সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ প্রযুক্তি ইকোসিস্টেমে পরিণত হয়েছে।
কিন্তু গুগলের সবচেয়ে বড় পরিবর্তন তখনও সামনে অপেক্ষা করছিল। খুব শিগগিরই কোম্পানিটি নিজেদের কাঠামো বদলাবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার এমন এক যাত্রা শুরু করবে যা পুরো প্রযুক্তি বিশ্বের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
২০১৫ সালে গুগল একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেয়। দ্রুত বিস্তৃত হয়ে ওঠা বিভিন্ন ব্যবসা ও গবেষণা প্রকল্পকে আরও কার্যকরভাবে পরিচালনার জন্য 'আলফাবেট ইনক' নামে একটি নতুন মূল প্রতিষ্ঠান গঠন করা হয়। আলফাবেট গঠনের ফলে গুগল সার্চ, অ্যান্ড্রয়েড, ইউটিউব এবং বিজ্ঞাপন ব্যবসা গুগলের অধীনেই থাকে, আর ভবিষ্যতের গবেষণামূলক প্রকল্পগুলো আলাদা ব্যবস্থাপনায় পরিচালিত হতে শুরু করে। এই পরিবর্তনের মাধ্যমে ল্যারি পেজ এবং সার্জি ব্রিন দীর্ঘমেয়াদী উদ্ভাবনী প্রকল্পে আরও বেশি মনোযোগ দেওয়ার সুযোগ পান।
এরও আগে, গুগল যুক্তরাজ্যভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান 'ডিপমাইন্ড' অধিগ্রহণ করেছিল। সে সময় খুব কম মানুষই বুঝতে পেরেছিল এই সিদ্ধান্ত ভবিষ্যতে কত বড় প্রভাব ফেলবে। ডিপমাইন্ডের গবেষকদের লক্ষ্য ছিল এমন কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করা যা অভিজ্ঞতা থেকে শিখে জটিল সমস্যার সমাধান করতে পারে।
২০১৫ সালে গুগল TensorFlow প্রকাশ করে। এটি একটি ওপেন সোর্স মেশিন লার্নিং ফ্রেমওয়ার্ক, যা সারা বিশ্বের গবেষক ও ডেভেলপারদের জন্য এআই উন্নয়ন অনেক সহজ করে দেয়। খুব অল্প সময়ের মধ্যেই TensorFlow বিশ্বের অন্যতম জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন প্ল্যাটফর্মে পরিণত হয়।
২০১৬ সালে DeepMind-এর তৈরি AlphaGo বিশ্বের অন্যতম সেরা গো খেলোয়াড় লি সেডোল-এর মুখোমুখি হয়। প্রযুক্তি বিশ্ব অধীর আগ্রহে সেই ম্যাচের দিকে তাকিয়েছিল। পাঁচ ম্যাচের সিরিজে AlphaGo চারটি ম্যাচ জিতে ইতিহাস সৃষ্টি করে। এটি প্রমাণ করে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের ধারণার চেয়েও দ্রুত উন্নতি করছে। এই ঘটনার পর কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশ্বজুড়ে নতুন আগ্রহ তৈরি হয়। গবেষণা, বিনিয়োগ এবং প্রযুক্তিগত প্রতিযোগিতা আরও দ্রুত বাড়তে থাকে।
গুগল একই সময়ে Waymo-এর মাধ্যমে স্বয়ংচালিত গাড়ি প্রযুক্তির উন্নয়নও চালিয়ে যেতে থাকে। লক্ষ্য ছিল মানুষের হস্তক্ষেপ ছাড়াই নিরাপদে চলতে সক্ষম যানবাহন তৈরি করা।
এরপর গুগল নিজস্ব Tensor Processing Unit বা TPU তৈরি করে, যা বিশাল এআই মডেলকে আরও দ্রুত প্রশিক্ষণ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Google Assistant চালুর মাধ্যমে কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তাকে সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে নিয়ে আসে। একই সময়ে Pixel স্মার্টফোন সিরিজের মাধ্যমে গুগল হার্ডওয়্যার বাজারেও নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করে।
বছরের পর বছর গুগল সার্চ, অ্যান্ড্রয়েড, ক্রোম, ইউটিউব, ক্লাউড এবং এআই একসঙ্গে কোম্পানিটিকে বিশ্বের অন্যতম শক্তিশালী প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত করে।
কিন্তু ২০২২ সালের শেষের দিকে প্রযুক্তি বিশ্বে একটি বড় পরিবর্তন ঘটে। OpenAI ChatGPT প্রকাশ করার পর মানুষ নতুনভাবে তথ্য খোঁজা এবং এআই-এর সঙ্গে কথা বলার অভিজ্ঞতা লাভ করে। ChatGPT-র দ্রুত জনপ্রিয়তা গুগলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বহু বছর পর প্রথমবারের মতো তাদের সার্চ ব্যবসা নতুন ধরণের প্রতিযোগিতার মুখোমুখি হয়।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গুগলের ভেতরে 'Code Red' ঘোষণা করা হয় এবং এআই উন্নয়নের গতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়। Google Bard চালু করা হয় মানুষের সঙ্গে স্বাভাবিক ভাষায় কথোপকথন করার জন্য। শুরুতে কিছু ভুল তথ্যের কারণে এটি সমালোচনার মুখেও পড়ে।
পরবর্তীতে Bard-কে আরও উন্নত করে Gemini নামে নতুন পরিচয়ে প্রকাশ করা হয়। এটি গুগলের সবচেয়ে উন্নত মাল্টিমোডাল এআই মডেলগুলোর একটি। Gemini-র মাধ্যমে গুগল শুধু সার্চ নয়; লেখালেখি, গবেষণা, প্রোগ্রামিং এবং সৃজনশীল কাজেও কৃত্রিম বুদ্ধিমত্তাকে যুক্ত করতে শুরু করে।
Google Project Astra-র মাধ্যমে ভবিষ্যতের এমন একটি এআই সহযোগীর ধারণা উপস্থাপন করে, যা ক্যামেরার মাধ্যমে চারপাশ বুঝতে পারে এবং বাস্তব সময়ে মানুষের সঙ্গে কথোপকথন করতে সক্ষম।
একই সময়ে গুগলের বিরুদ্ধে বিভিন্ন দেশে প্রতিযোগিতা আইন এবং সার্চ বাজারে আধিপত্য নিয়ে আইনি তদন্তও শুরু হয়। সমালোচনা, প্রতিযোগিতা এবং প্রযুক্তিগত পরিবর্তনের মধ্যেও গুগল এখনও প্রতিদিন শত শত কোটি সার্চ অনুরোধ পরিচালনা করে।
আজ গুগল শুধু একটি সার্চ ইঞ্জিন নয়; এটি কৃত্রিম বুদ্ধিমত্তা, মোবাইল প্রযুক্তি, ক্লাউড কম্পিউটিং, ভিডিও, মানচিত্র এবং বৈশ্বিক তথ্যব্যবস্থার অন্যতম প্রধান শক্তি।
ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন হয়তো কখনও কল্পনাও করেননি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষণা প্রকল্প একদিন পৃথিবীর কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠবে।
গুগলের ইতিহাস দেখায়—একটি ভালো ধারণা যদি সঠিক প্রযুক্তি, দূরদৃষ্টি এবং সাহসী সিদ্ধান্তের সঙ্গে যুক্ত হয়, তাহলে সেটি পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। আজ ও প্রতিটি সার্চ, প্রতিটি মানচিত্র, প্রতিটি ভিডিও এবং প্রতিটি এআই সহকারী সেই দীর্ঘ যাত্রারই একটি নতুন অধ্যায় লিখে চলেছে।
ভবিষ্যতে প্রযুক্তি আরও বদলাবে, নতুন প্রতিদ্বন্দ্বী আসবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা আরও শক্তিশালী হবে। কিন্তু গুগলের প্রভাব প্রযুক্তির ইতিহাসে চিরকাল একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।
দুইজন বিশ্ববিদ্যালয় গবেষকের একটি ছোট্ট গবেষণা প্রকল্প থেকে শুরু হয়ে গুগল আজ মানবসভ্যতার অন্যতম বৃহৎ প্রযুক্তিগত যাত্রার প্রতীক। এই গল্প প্রমাণ করে, কখনও কখনও পৃথিবী বদলে দিতে একটি অসাধারণ ধারণাই যথেষ্ট।
