কল্পনা করুন আপনার ঘরের কোনো এক কোণে রাখা একটি মাটির পুতুল চুপচাপ বসে আছে। কিন্তু রাতের আঁধারে সে আপনার ঘর পূর্ণ করছে স্বর্ণ আর রত্নে, কিন্তু বিনিময়ে চাচ্ছে আপনার নিজের সন্তানের প্রাণ।
কোনো অতিপ্রাকৃত গল্প মনে হলেও, আজও বাংলাদেশ এবং ভারতের কিছু গ্রামে শিশু বলি দেওয়ার রীতি এখনো চলমান। এই প্রেতের লালায়িত চোখের সামনে কাঁদতে থাকে অসহায় শিশুরা। আর তাদের রক্তে লেখা হয় লোভের ইতিহাস।
আজ আমরা কথা বলব এমন এক প্রেত সম্পর্কে, যার গল্প সাঁওতাল জনগোষ্ঠীর মধ্যে শতাব্দীর পর শতাব্দী ধরেই প্রচলিত। আধুনিক সমাজে এই গল্প আমাদের কাছে প্রলাপ মনে হলেও, কয়েক দশক আগেও এই ভয়ানক শিশু বলি রীতি ছিল চলমান। আর কেবল ভারতবর্ষ নয়, আমাদের বাংলা মুলুকেও ছিল এই ভীতির প্রচলন। আর যেই অপদেবতার উদ্দেশ্যে এই বলি, তার নাম গদ্রবঙ্গা।
যে প্রেত আপনাকে বানাতে পারে অঢেল সম্পদের মালিক, আবার মুহূর্তেই আপনাকে ধ্বংস করে দিতে পারে। মানুষ সবসময়ই চেয়েছে ধনী হতে—দ্রুত, সহজে এবং কোনো কষ্ট ছাড়াই। আর এই ইচ্ছেটাকেই ব্যবহার করে এসেছে এই কথিত অশুভ শক্তি।
কিন্তু গদ্রবঙ্গা আসলে কী? কেন সাঁওতালদের কিছু মানুষ শত ভয়ের পরেও তাকে ঘরে রাখে? একটি ভিন্নধর্মী মিথোলজি নিয়ে শুরু করছি আমাদের আজকের আর্টিকেলে—গদ্রবঙ্গা: শিশু খেকো দেবতা।
সাঁওতাল জনগোষ্ঠীকে বলা হয় প্রকৃতি পূজারী। তারা বিশ্বাস করে, এই পৃথিবীতে রয়েছে অসংখ্য আত্মা বা বঙ্গা। এই বঙ্গাদের কেউ ভালো, কেউ মন্দ। ভালোর প্রতীক তাদের প্রধান দেবতা মারাং বুরু। কিন্তু ধন-সম্পদের জন্য কিছু পরিবার আশ্রয় নেয় অপদেবতা গদ্রবঙ্গার কাছে। সাঁওতাল জনগোষ্ঠীর কিছু পরিবার বিশ্বাস করে, গদ্রবঙ্গা নামে এক প্রেত তাদের এনে দেবে অঢেল সম্পদ, স্বর্ণ আর ক্ষমতা। সাঁওতালরা বিশ্বাস করে, গদ্রবঙ্গা হলো এমন এক ধরন বা অপদেবতা বা প্রেত, যার উচ্চতা মাত্র দুই-তিন ফুট। মুখমণ্ডল এক বা দুই বছরের শিশুর মতো। প্রথম দেখায় মনে হবে এ যেন মাটির একটি পুতুল। কিন্তু তারা বিশ্বাস করে, এই মূর্তির ভেতরেই বসবাস করে অপদেবতা। গদ্রবঙ্গা সন্তুষ্ট থাকলে সে স্বর্ণ এনে দেবে উপাসকের ঘরে, কিন্তু বিনিময়ে তাকে দিতে হবে উপাসকের নিজের সন্তানেরই প্রাণ।
সাঁওতালরা বিশ্বাস করে, গদ্রবঙ্গা শক্তি পায় শিশুর প্রাণশক্তি থেকে। এ শক্তি দিয়ে সে তার উপাসকের জন্য সম্পদ আনতে পারে। আর যদি সেই চাহিদা পূরণ না হয়, গদ্রবঙ্গা শুধু পূজারির সম্পদই কেড়ে নেবে না, পরিবারকেও ধ্বংস করে দেবে নিঃশেষে। আর তাই এখনো ভারতের কিছু কিছু আদিবাসী অঞ্চলে কোনো শিশু হারিয়ে গেলে সবার আগে উপজাতিরা গদ্রবঙ্গাকেই দোষ দেয়।
গদ্রবঙ্গা পূজায় একটি বিশেষ মূর্তি তৈরি করা হয় মাটি দিয়ে শিশুর মুখের আদলে। মূর্তিটি ঘরের নির্দিষ্ট এক অন্ধকার কোণে রাখা হয়। বিশ্বাস করা হয়, আগুন জ্বালিয়ে মূর্তির সামনে শিশুকে উৎসর্গ করলে তার প্রাণশক্তি গদ্রবঙ্গায় প্রবেশ করে এবং এটি হয়ে ওঠে আরও শক্তিশালী। এরপর গদ্রবঙ্গা এর প্রতিদান হিসেবে উপাসককে দেয় সোনা, টাকা এবং জমি। আর পরবর্তীতে কেড়ে নেয় সেই উৎসর্গ করা শিশুর প্রাণ। কিন্তু যদি কোনো কারণে নৈবেদ্য না দেওয়া হয়, তাহলে শুরু হয় গদ্রবঙ্গার প্রতিশোধ। প্রথমে সে কেড়ে নেয় ঘরের সমস্ত সম্পদ। তারপর একে একে মারা যেতে থাকে পরিবারের সদস্যরা। চাষের জমি শুকিয়ে যায়, গবাদি পশু মারা যায়, ঘরবাড়ি ভেঙে যায়। এমনকি গ্রামের অন্যদের মাঝেও ছড়িয়ে পড়ে এই দুর্ভাগ্য, যেন সবাই বুঝে যায় এখানে গদ্রবঙ্গা রুষ্ট হয়েছে। এসব ঘটনা কতটা সত্য, কতটা কল্পনা, তা নিয়ে বিতর্ক থাকলেও এই ভয় আজও গভীরভাবে প্রথিত সাঁওতাল সংস্কৃতিতে।
গদ্রবঙ্গার গল্প শুধু সাঁওতালদের জন্য নয়। এ যেন মানুষের চিরন্তন লোভ আর তার পরিণতির এক উপাখ্যান। আমরা প্রায়ই দেখি, অর্থের লোভে মানুষ নৈতিকতা ভুলে যায়। গদ্রবঙ্গা সেই লোভেরই প্রতীক, যেখানে লাভের পথ রক্তমাখা আর ক্ষতির পথ শেষ হয় ধ্বংসে। শেষ পর্যন্ত ভাবলে দেখা যায়, গদ্রবঙ্গা কেবল সাঁওতাল সমাজের কোনো অশুভ প্রেত নয়, বরং মানুষের মনের ভেতরে লুকিয়ে থাকা এক লোভের প্রতীক। স্বর্ণ, অর্থ আর ক্ষমতার মোহে আমরা কখনো কখনো নিজের বিবেককে বলি দিই। হয়তো সন্তানের নয়, কিন্তু মানুষের প্রতি মানবিকতা, সত্য আর ন্যায়কে। ইতিহাসের প্রতিটি যুগেই দেখা যায়, ক্ষমতার লোভের কাছে আত্মসমর্পণ করে মানুষ নিজেকে, নিজের পরিবারকে, সমাজ এবং দেশকে পর্যন্ত ধ্বংস করেছে। আজ আমরা হয়তো আর কোনো মাটির পুতুল বানিয়ে তার সামনে শিশু উৎসর্গ করি না, কিন্তু লোভের নামে আমরা প্রতিদিনই অন্যরকম বলি ঘটাচ্ছি। কেউ বলি দিচ্ছি সততা, কেউ বলি দিচ্ছি বন্ধুত্ব, কেউ বা বলি দিচ্ছি নিজেরই আত্মাকে।
গদ্রবঙ্গা যেন আজও আমাদের ভেতরে বেঁচে আছে রূপ বদলে, আধুনিক সমাজের চকচকে মোড়কের আড়ালে। প্রশ্ন হলো আমরা কি বুঝতে পারি যে, যতবার আমরা ন্যায়কে হত্যা করি, ততবারই এক নতুন গদ্রবঙ্গাকে জন্ম দিই? আর এই গদ্রবঙ্গা ধীরে ধীরে আমাদের ভেতর থেকেই ধ্বংস শুরু করে, নিয়ে যায় বিশ্বাস, শান্তি আর ভবিষ্যৎ। এবং মানুষের এই চারিত্রিক ত্রুটি কেবল সাঁওতাল নয়, বরং যেকোনো ধর্ম, যেকোনো বিশ্বাসের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত, প্রশ্ন বা পরামর্শ কমেন্টে জানান। অপ্রাসঙ্গিক, স্প্যাম ও আপত্তিকর মন্তব্য থেকে বিরত থাকুন। ধন্যবাদ Jahid Notes-এর সঙ্গে থাকার জন্য।